দেশজুড়ে

বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | |

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে দীর্ঘ সময় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানোর কারণে সময়মতো অ্যান্টিভেনম চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র ও চিকিৎসকদের বক্তব্যে জানা গেছে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাফসানের মৃত্যু হয়। তিনি উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের লিটন শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাফসান শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বাথরুমে যান। সেখান থেকে ফেরার পথে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি এলাকার কানু মিনা নামে এক ওঝাকে ডেকে এনে ঝাড়ফুঁক করান। কয়েক ঘণ্টা পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৪টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত ৪টার দিকে রাফসানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয়তার বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তবে তারা অ্যান্টিভেনম নিতে সম্মতি না দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই কিশোরটির মৃত্যু হয়েছে বলে জানা যায়।