বুধবার, ২৯ জুলাই ২০২৬

পুরোনো মালিকদের নিয়ন্ত্রণে ফিরল আল-আরাফাহ ব্যাংক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনার ভার আবারও পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ জুলাই) ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে ব্যাংকটির পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের আগস্টের পর থেকে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালক পর্ষদ দিয়ে চলছিল ব্যাংকটি। নতুন ১৪ জন যুক্ত হওয়ায় বর্তমানে পরিচালক সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। আওয়ামী লীগ আমলে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের আব্দুস সামাদ লাবু।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিল। এর মধ্যে আল-আরাফাহ ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় শেয়ারহোল্ডার পরিচালকদের এখানে যুক্ত করা হয়েছে। অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, তাদের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে কেডিএস গ্রুপের তিনজন রয়েছেন। তারা হলেন—কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ ও কেডিএস টেক্সটাইলের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া পর্ষদে আছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সর্বশেষ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জামায়াতের মনোনয়নে নির্বাচিত এনায়েত উল্লা, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

আওয়ামী লীগ সরকার পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে খাজা শাহরিয়ারকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন-মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান। এই স্বতন্ত্র পরিচালকরাও নতুন পর্ষদে বহাল থাকবেন। এখন পর্ষদের সব পরিচালক মিলে নতুন চেয়ারম্যান নির্বাচন করবেন।

সব খবর

আর্কাইভ

« জুলাই ২০২৬ »
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১