‘উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে চান – চরভদ্রাসনের নবাগত ইউএনও
জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সঙ্গে উপজেলার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, চরভদ্রাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। তিনি বলেন, উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চায়। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয়ে মতামত তুলে ধরেন। তারা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় অংশগ্রহণকারী সকলের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ পর্যায়ক্রমে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করে তাদের মতামত গ্রহণ করছেন।